
মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে সকালে হাঁটতে বের হয়ে অজ্ঞাত বাসের ধাক্কায় রুজিনা বেগম (৩২) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের পেঁছাইমুড়ি গ্রামের নুরুল ইসলামের স্ত্রী। নিহতের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে বলে জানা গেছে। শুক্রবার (০৭ আগস্ট) সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিকেলে তথ্যটি নিশ্চিত করেন নিহতের মামাতো ভাই মো. বেলাল হোসেন ইয়াছিন।
জানা গেছে, রুজিনা বেগম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে আক্রান্ত। শারীরিকভাবে সুস্থ থাকতে তিনি প্রতিদিন সকালে হাঁটেন। কয়েকদিন আগে চৌদ্দগ্রাম পৌরসভার কিং শ্রীপুর গ্রামে বাবা আবুল কাশেমের বাড়িতে বেড়াতে আসেন। সেখানেও প্রতিদিন ভোরে ফজরের নামাজ শেষে আশপাশের সড়কে হাঁটতেন। প্রতিদিনের মত শুক্রবার সকালে রুজিনা বেগম বাবার বাড়ি থেকে প্রবাসী ভাই মো. ওয়াসিমসহ হেঁটে পার্শ্ববর্তী জয়ন্তীনগর গ্রামে নানার বাড়িতে যাওয়ার সময় তিনি চৌদ্দগ্রাম বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্বপাশের নতুন সড়কে অজ্ঞাত বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন।
এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন বলেন, শুক্রবার সকালে অজ্ঞাত বাসের ধাক্কায় রোজিনা নামের এক নারী নিহত হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়। স্বজনের আবেদনের প্রেক্ষিতে আইনী প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।