
আবু কোরাইশ আপেল:
কুমিল্লার দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দাউদকান্দি পৌর স্বেচ্ছাসেবক দল। মিছিল শেষে শহীদ রিফাত পার্কে এক সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে পৌর স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে যৌথভাবে নেতৃত্ব দেন সংগঠনের পৌর আহবায়ক কামাল হোসেন ও সদস্য সচিব জামাল মোল্লা।
পরে প্রতিবাদ মিছিল শেষে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামাল হোসেন তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগের কাউকে আজ মাঠে পাওয়া যায়নি। তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক বলেন, যেখানে আছেন ভাল আছেন। বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না।
সদস্য সচিব জামাল মোল্লা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিগত ১৭ বছর দেশের ১৮ কোটি মানুষকে জিম্মি করে রেখেছিল। ৫ আগস্ট তাদের পিটিয়ে দেশ থেকে তাড়ানো হয়েছে। তারা আবার দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। তাদের সব ধরনের অপকর্মের চেষ্টা শক্ত হাতে দমন করা হবে বলে তিনি হুশিয়ারি দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক আব্দুল হালিম,জাহাঙ্গীর আলম,জানে আলম, বোরহানসহ অন্যান্যরা।