
মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় রোপা আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। মাঠে মাঠে এখন বীজতলা থেকে চারা তোলা, জমি প্রস্তুত করা ও রোপণের উৎসবমুখর দৃশ্য। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠেই কেটে যাচ্ছে চাষিদের দিন। কৃষি বিভাগ ও স্থানীয় চাষিরা বলছেন, পর্যাপ্ত বৃষ্টিপাত এবং আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর আমনের ভালো ফলনের আশা করছেন তারা।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বীজতলা থেকে চারা তোলা, আইল ছাঁটা, মই দিয়ে জমি প্রস্তুত ও চারা রোপণের কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। সাধারণ নিয়ম অনুযায়ী শ্রাবণের দ্বিতীয় সপ্তাহ থেকে ভাদ্র মাসজুড়ে আমন ধানের চারা রোপণ করা হয়। তবে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর আউশ ধান ঘরে তুলতে কিছুটা দেরি হওয়ায় আমন রোপণ কার্যক্রমও সামান্য বিলম্বিত হচ্ছে। তা সত্ত্বেও সঠিক সময়ে রোপণ সম্পন্ন করতে মাঠজুড়ে পরিবারের সদস্যরা মিলে একযোগে কাজ করছেন।
কৃষকেরা জানান, আমন চাষের শুরুর দিনগুলোতে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় সেচ নিয়ে তেমন দুশ্চিন্তা করতে হয়নি। সামনের দিনগুলোতে প্রাকৃতিক পরিবেশ অনুকূলে থাকলে গত বছরের চেয়ে এবার উৎপাদন আরও অনেক বাড়বে বলে আশা করছেন তারা।
উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ব্রাহ্মণপাড়ায় ২৭৬ হেক্টর জমিতে আমন বীজতলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ৮৫ হেক্টরে ইতিমধ্যে চারা উৎপাদন সম্পন্ন হয়েছে। এ ছাড়া রোপা আমনের মোট চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ হাজার ৪৮০ হেক্টর। এর মধ্যে ইতিমধ্যে ৩ হাজার ৮৫০ হেক্টর জমিতে ধান রোপণ করা হয়েছে।
সার্বিক অগ্রগতি ও আবহাওয়া নিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবদুল মতিন বলেন,
“চলতি মৌসুমে আমন চাষের জন্য আবহাওয়া সম্পূর্ণ অনুকূলে রয়েছে। এ পর্যন্ত লক্ষ্যমাত্রার বড় একটি অংশ অর্জিত হয়েছে। অবশিষ্ট জমিতেও খুব দ্রুত চারা রোপণ সম্পন্ন হবে। প্রকৃতি বিরূপ না হলে এ বছর উপজেলায় আমনের বাম্পার ফলন হবে বলে আশা করছি।”