
মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের এক বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজা ও মাদক বহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) রাতে উপজেলার শশীদল ইউনিয়নের হরিমঙ্গল বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. রাসেল (২৯)। তিনি উপজেলার ৫ নম্বর দুলালপুর ইউনিয়নের সিংহারচড়া (হাজী বাড়ি) এলাকার মো. মোস্তফার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত পৌনে ১১টার দিকে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আল-আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। সিএনজিচালিত অটোরিকশাযোগে মাদকের একটি চালান বাগরা থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল। শশীদল ইউনিয়নের হরিমঙ্গল প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে পাকা রাস্তার ওপর সিএনজিটির গতিবোধ করে তল্লাশি চালানো হয়। পরে অটোরিকশা থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই চালক রাসেলকে গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযানের সময় পালিয়ে যাওয়া অন্যান্য মাদক কারবারিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ওসি আরও জানান, মাদকমুক্ত সমাজ গঠনে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।