
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা–নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে রাস্তা পারাপারের সময় বাসের নিচে চাপা পড়ে তাছলিমা আক্তার (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মায়ের জন্য ওষুধ কিনে বাড়ি ফেরাকালে মঙ্গলবার সকাল সোয়া ৭টায় লাকসামের খিলা মধ্য বাজারে যাত্রীবাহী হিমাচল বাস চাপায় তাঁর মৃত্যু হয়।
নিহত তাছলিমা আক্তার ইসলামী ব্যাংক পিএলসি নাঙ্গলকোট শাখার সিনিয়র অফিসার এবং মনোহরগঞ্জের খানাতুয়া নিবাসী আবু জাফরের সহধর্মিণী। তিনি দীর্ঘদিন যাবৎ পরিবারসহ লাকসামের পশ্চিমগাঁও মিয়াপাড়ায় বসবাস করে আসছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৩ মেয়ে এবং ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তাছলিমা আক্তার তাঁর অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনে লাকসাম থেকে সিএনজিযোগে খিলা মধ্য বাজারে নামেন। সেখান থেকে বাপের বাড়ি ফেনুয়া যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পার হওয়াকালে দ্রুতগতির একটি ‘হিমাচল’ বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
লাকসাম হাইওয়ে (লালমাই ক্রসিং) থানার অফিসার ইনচার্জ মো. ওসমান গনি জানান, বাসটি আটক করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে সন্ধ্যায় নিহতের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।