
নিজস্ব প্রতিবেদক,লাকসাম।।
কুমিল্লার লাকসাম পৌরসভায় মইন উদ্দিন (৩৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) সকালে পৌরসভার ৪নং ওয়ার্ডের বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় লাকসাম থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। নিহত মইন উদ্দিন বেলতলা এলাকার আবুল হাসেম ও রানু বেগম দম্পতির ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক ও জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন ধরে মইন উদ্দিনের দাম্পত্য কলহ চলছিল। প্রায় ছয় মাস ধরে চলা এই বিরোধে সে মানসিকভাবে ভেঙে পড়েন বলে এলাকাবাসী জানান। ওইদিন সকাল সাড়ে ৯টার দিকে মইন উদ্দিনের ছেলে ঘরের ভেতর তাকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ছুটে আসে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সংবাদ পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ কাজী কামরুন্নাহার লাইলী জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি অধিকতর তদন্ত করা হচ্ছে।