
মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ২৫ বোতল স্কাফ সিরাপ ও ১২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ জানায়, শনিবার (২ মে) রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণপাড়া থানার এসআই মো. আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি কৃষ্টপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালান। এ সময় কুমিল্লা-বাগরা সড়ক থেকে মো. ইকরাম (২০) নামের এক যুবককে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ২৫ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। ইকরাম ওই এলাকার মৃত রোশন আলীর ছেলে।
এরপর রোববার (৩ মে) রাত দেড়টার দিকে উপজেলার দক্ষিণ চান্দলা ইউনিয়নের চান্দলা (মেডংগী পাড়া) এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এ সময় পলাতক আসামি মো. মাসুম (৩৭)-এর বাড়ির শয়নকক্ষের নিচ থেকে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। মাসুম ওই এলাকার মৃত হুমায়ুন কবিরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, জিআর তামিল-০১সহ এ ঘটনায় মোট দুইজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, ‘মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’