
মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) উপজেলার নাইঘর এলাকায় ২.৭ কিলোমিটার দৈর্ঘ্যের খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান।
উদ্বোধনকালে ইউএনও মাহমুদা জাহান বলেন, নাইঘর খালের ২.৭ কিলোমিটার পুনঃখনন কর্মসূচির মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে। এই কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষি জমি ও বসতবাড়ির ক্ষতি হচ্ছিল। খালটি পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন এলাকাবাসী।
এছাড়া কৃষি নির্ভর এই অঞ্চলটিতে খালের পানি প্রবাহ স্বাভাবিক থাকলে সেচ ব্যবস্থার জন্য সহজ হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষি খাতে উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ খাল খনন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।