
মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের গুচ্ছগ্রাম সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ‘নো ম্যানস্ ল্যান্ড’ থেকে রোকেয়া বেগম (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত রোকেয়া বেগম গুচ্ছগ্রামের মৃত আলী আশরাফের স্ত্রী বলে জানা গেছে।
মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। বুধবার (০১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোকেয়া বেগম দীর্ঘদিন ধরে কিছুটা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি আশেপাশের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করার পাশাপাশি ভিক্ষাবৃত্তি করতেন। মঙ্গলবার সকালে তিনি নিজ বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা ও স্থানীয়রা মিলে তাকে ব্যাপক খোঁজাখুঁজির পর রাত ১০টার দিকে ভারতীয় সীমান্তবর্তী গুচ্ছগ্রাম সংলগ্ন ‘নো ম্যানস্ ল্যান্ড’ (শূন্যরেখা) এলাকায় তার মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা চৌদ্দগ্রাম থানা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে ওই নারীর মরদেহটি উদ্ধার করে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। তবে, রোকেয়া বেগমের মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এটি হত্যা নাকি আত্মহত্যা? ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত তদন্ত সাপেক্ষে নিশ্চিত করে বলা যাবে বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে নিহতের মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বলা যাবে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত পরে বলা হবে।