
কুবি প্রতিনিধি,
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) উদ্যোগে আয়োজিত দুইদিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা ‘ক্যাম্পাসের ক্যানভাসে সাংবাদিকতা-২০২৬’ আয়োজিত হয়েছে।
শনি ও রবিবার (২৫ ও ২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল কনফারেন্স রুমে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কুবিসাসের দপ্তর সম্পাদক মো. আনিসুর রহমান।
সংগঠনটির সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ মাসাবীহর পরিচালনায় সভাপতি আবু শামার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোহাম্মদ রাজীব, অর্থ সম্পাদক ম. জুবায়ের হোসাইন, কার্যনির্বাহী বডি, সদস্য ও সহযোগী সদস্যসহ নবীন শিক্ষার্থীগণ।
সাংবাদিকতার কলাকৌশল নিয়ে দুইদিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইনভেস্টিগেটিব জার্নালিজম নেটওয়ার্কের (জিআইযেএন) এডিটর (বাংলা) তানভীর সোহেল, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মশিউর রহমান, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি কুতুবউদ্দিন মোহাম্মদ জসীম, সাবেক বিবিসি রিপোর্টার ও ফ্রিল্যান্স সাংবাদিক আকবর হোসেন, চ্যানেল আই-এর স্টাফ রিপোর্টার আখতার হাবিব এবং কুবিসাসের সাবেক সভাপতি ও দৈনিক কালের কন্ঠের সিনিয়র রিপোর্টার ম. জাহিদুল ইসলাম।
ছয়টি সেগমেন্টের এই প্রশিক্ষণ কর্মশালায় ছিলো – সাংবাদিকতার হাতেখড়ি, অনুসন্ধানী সাংবাদিকতা, অর্থনৈতিক সাংবাদিকতা, ক্যারিয়ার হিসেবে সাংবাদিকতা, টেলিভিশন সাংবাদিকতা ও ক্যাম্পাস সাংবাদিকতা।
এবিষয়ে সভাপতি আবু শামা বলেন, সাংবাদিকরা হলো রাষ্ট্রের দর্পণ। দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে ক্যাম্পাস সাংবাদিকদের ভূমিকা অনবদ্য। আমরা আমাদের কুবিসাসের একঝাক তরুণ সাংবাদিকদেরকে আরও দক্ষ, সমৃদ্ধ ও অভিজ্ঞতাসম্পন্ন করে গড়ে তুলার প্রয়াস থেকেই এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছি। আশাকরি, তারা তাদের এই দক্ষতা দিয়ে দেশ ও জাতির জন্য কাজ করবে।
তিনি আরও বলেন, খুব স্বল্প সময়ের ইনভাইটেশনে নানা ব্যস্ততার মাঝেও আমাদের ক্যাম্পাসে এসে মূল্যবান সময় দেয়ার জন্য প্রশিক্ষকদেরকে ধন্যবাদ জানাই।