
আয়শা রহমান প্রজ্ঞা, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার দেবীদ্বারে পুলিশের বিশেষ অভিযানে ৬ লক্ষ টাকা মূল্যের ৬ হাজার পিস আতশবাজি (পটকা)সহ শরিফ মিয়া নামে এক পাচারকারীকে সিএনজিসহ আটক করেছে।
তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের পূর্বক বুধবার (১৫ এপ্রিল) দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) সুদিপ্ত শাহীনের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় দেবীদ্বার উপজেলার ইউছুফপুর সড়কের এগারগ্রাম কলাবাগান সংলগ্নে একটি সিএনজিতে থাকা দু’টি বস্তা ভর্তী ৬ হাজার পিস আতশবাজি (পটকা)সহ সিএনজি ও পাচারকারী চালক মো. আরিফ মিয়াকে আটক করেন।
আটক মো. শরিফ মিয়া (৩০) মুরাদনগর উপজেলার গুঞ্জর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। শরিফ পেশায় একজন সিএনজি চালক এবং বেশী ভাড়ায় ভারত সীমান্ত থেকে বিভিন্ন অবৈধভাবে চোরাই মালামাল মালিক পক্ষের কাছে পৌঁছে দেন।
আটক মো. শরিফ মিয়া জানান, তিনি ১ হাজার থেকে ঝুঁকি বুঝে ২/৩ হাজার টাকায় ভাড়ায় অবৈধভাবে চোরাই মালামাল মালিক পক্ষের কাছে পৌঁছে দেন।তিনি আরো জানান, তার মতো আরো কয়েকজন এসব কাজে যুক্ত রয়েছেন। তারা ভারতের সীমান্ত এলাকার ব্রাক্ষনপাড়া উপজেলার শশীদল বর্ডার থেকে মাদক (গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, মসলা, শাড়ী, থ্রীপিস এবং আতশবাজী) সহ বিভিন্ন মালামাল অতিরিক্ত ভাড়ায় পাচার করেন। তিনি আরো জানান, ১৩ এপ্রিল ৬ বস্তায় ১৮ হাজার পিস পটকা মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের ব্যবসায়ী আলম মিয়ার দোকানে পৌঁছে দেই, গতকাল ১ হাজার টাকায় ভাড়ায় ২ বস্তা নিতে যেয়ে আটক হই।
এ ব্যারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৬ হাজার পিস আতশবাজীসহ চালক ও সিএনজিটি আটক করা হয়েছে। উদ্ধার করা আতশবাজির বাজার মূল্য প্রায় ৬ লক্ষ টাকা হবে। এব্যাপারে দ্রুত বিচার আইনে মামলা দায়ের পূ্র্বক বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কোর্ট হাজতে চালান করা হয়।