আয়শা রহমান প্রজ্ঞা,দেবীদ্বার কুমিল্লা।।
চেম্বার আদালতের সর্বশেষ আদেশে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ কার্যকর না থাকায় ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী আইনগতভাবে ঋণখেলাপি হিসেবেই বিবেচিত থাকবেন। প্রচলিত আইন অনুযায়ী, ঋণখেলাপিরা জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য।
উল্লেখ্য, কুমিল্লা-৪ দেবীদ্বার আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে টানা চারবারের নির্বাচিত সংসদ সদস্য, বিএনপির জাতীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সীর প্রার্থিতা ঋণখেলাপির দায়ে বাতিল হওয়ায় কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহর বিজয় সম্ভাবনা অনেকটাই নিশ্চিত বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।
এবিষয়ে দেবীদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া বেগম জানান, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী মনোনয়ন দাখিলের সময় হাইকোর্টের বৈধ স্টে (স্থগিতাদেশ) এর আওতায় ছিলেন। ফলে তাকে আইনগতভাবে ঋণখেলাপি হিসেবে গণ্য করার সুযোগ নেই। আজ আইডিএলসি ব্যাংকের দায়ের করা আপিলের মাধ্যমে তার মনোনয়ন তাৎক্ষণিকভাবে বাতিল হওয়ার কোনো আইনগত ভিত্তি নেই। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে এবং পরবর্তী শুনানিতে মনোনয়ন সংক্রান্ত চূড়ান্ত রায় জানা যাবে।