মোহাম্মদ মোশাররফ হোসেন মনির ,স্টাফ রিপোর্টার, মুরাদনগর।।
কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার পুলিশের বিশেষ অভিযানে ৯৫৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ১ আগস্ট বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানাধীন ২ নম্বর আকুবপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের আবুল হাশেম সরকার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের শুরুতেই বাড়ির উঠান থেকে মাসুদ পারভেজ মিঠু (৩৪) ও শাহাদাত হোসেন (৩২)-কে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে একই বাড়ির বসতঘরে অভিযান চালায় পুলিশ। সেখানে মো. আতিক হোসেন (৩০)-এর কাছ থেকে ৩৪৩ পিস এবং নাছিমা আক্তার (৬০)-এর কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট ৯৫৩ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মাসুদ পারভেজ মিঠু (৩৪), শাহাদাত হোসেন (৩২), মো. আতিক হোসেন (৩০) ও নাছিমা আক্তার (৬০)।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় বাঙ্গরা বাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তভার এসআই (নিঃ) মো. মতিউর রহমান-এর ওপর ন্যস্ত করা হয়েছে।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে। তিনি আরও বলেন, **মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।