আয়শা রহমান প্রজ্ঞা: দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিনাঞ্চলের মূখ্য সংগঠক আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব হাসনাত আব্দুল্লাহকে সতর্ক বার্তা দিলেন সদ্য ঘোষিত দেবীদ্বার উপজেলা বিএনপির আহবায়ক কমিটি।
বুধবার (১৫ জুলাই) রাতে দেবীদ্বার উপজেলা বিএনপির দলীয় প্যাডে উপজেলা বিএনপির আহবায়ক মো. জসিম উদ্দিন ও সদস্য সচিব মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এমপি হাসনাত আব্দুল্লাহকে ওই সতর্কবার্তা দেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,- “চলমান এইচ এসসি পরিক্ষায় সৃষ্ট জটিলতার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর উদ্ভুত পরিস্থিতির বিষয়ে সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা রয়েছে।
আমরা লক্ষ্য করছি যে একটি গোষ্ঠী চলমান পরিস্থিতিতে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। দেবীদ্বার উপজেলা বিএনপি এই বিষয়ে সবসময় তৎপর রয়েছে। কেউ যদি এইসব কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে ভিন্ন কিছু হাসিল করার বিন্দুমাত্র চেষ্টা করে তাহলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে।
আমরা আরো লক্ষ্য করছি যে, কুমিল্লা-৪, দেবীদ্বার আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সাম্প্রতিক বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রী কে অশালীন ও অসৌজন্য মূলক বক্তব্য দিয়েছেন যা কাম্য নহে। আমরা আপনাকে আরো সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান জানিয়ে বলতে চাই, আমরা যৌক্তিক সমালোচনা গ্রহণ করে রাজনীতির মাঠে সম্প্রীতি বজায় রেখে চলতে চাই। যদি তার ব্যত্যয় ঘটে তাহলে আমরা দেবীদ্বার উপজেলা বিএনপি পরিবার তার দাঁতভাঙ্গা জবাব দিতে কৃপনতা দেখাবো না।
এমতাবস্থায় আপনাকে অতিকথন ও অতিরঞ্জিত বাক্যব্যয় থেকে বিরত থাকার অনুরোধ করছি।
বিএনপি দেবীদ্বার উপজেলা আহবায়ক কমিটির আহবায়ক মো. জসীম উদ্দিন জানান, আমাদের ধৈর্যে্যর সীমা অতিক্রম করলে কাউকে ছার দেয়া হবেনা। শিক্ষা মন্ত্রী তার অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। কুমিল্লা -৪ আসনের মাননীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ শিক্ষা মন্ত্রীকে নিয়ে অসৌজন্যমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করছেন। আমরা তার থেকে সৌজন্যমূলক বক্তব্য ও আচরণ প্রত্যাশা করছি। তার ব্যপ্তয় ঘটলে দাঁতভাঙ্গা জবাব দিতেও কুন্ঠাবেধ করবনা।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে এমপি হাসনাত আব্দুল্লাহর সাথে রাত ১১টায় ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।