প্রকাশের তারিখঃ মে ২৭, ২০২৬, ১২:৪৪ এ.এম
নগরীর বালধুম এলাকায় ছেলের হাতে খুন হলেন মা

স্টাফ রিপোর্টার ।।
কুমিল্লায় ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৬ মে) সকালে নগরীর চকবাজার পশ্চিম বালুধুম এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘাতক রামিম ইসলাম বাবু (২৭) কে আটক করেছে পুলিশ।
ঘাতক রামিম ইসলাম বাবু বালুধুম পশ্চিমপাড়া এলাকার মৃত মনিরুল ইসলামের ছেলে।
মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার ফাঁড়ির ইনচার্জ তাপস চন্দ্র রায়।
স্থানীয়রা জানায়, ছেলে রামিম ইসলাম বাবু দা দিয়ে মা রেহানা বেগমের (৫৫) মাথায় আঘাত করে। রেহানা বেগমের চিৎকার শুনে আশপাশের মানুষ এসে তৎক্ষনাৎ রেহানা বেগমকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হসপিটালে নিয়ে যায় পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী মাওলানা তাজুল ইসলাম জানান, ছেলেটি মাদকাসক্ত ছিল। সে তার মায়ের উপর অত্যাচার করতো । গতকাল রাত থেকেই মাদকের টাকার জন্য মায়ের উপর খুবই অত্যাচার করছিল। সকালে আমরা দেখি দা দিয়ে সে তার মায়ের মাথায় কোপ দেয় এবং হাসপাতাল নেওয়ার পথে সে মারা যায়।
পুলিশ ঘাতক রামিম ইসলাম বাবুকে নগরীর টমছমব্রীজ এলাকা থেকে আটক করে বলে জানিয়েছেন চকবাজার ফাঁড়ি ইনচার্জ তাপস চন্দ্র রায়।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুর আনোয়ার জানান, আমরা বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং চিকিৎসার জন্য মহিলাকে মেডিকেল নেওয়ার পথে রেহানা বেগম মারা যান।
উক্ত বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Copyright © 2026 Dainik Cumilla. All rights reserved. | Developed by UNIK BD