মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার টাটেরা মোড়ে বৃষ্টির পানিতে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ দেখা দিয়েছে। বিশেষ করে প্রফেসর সেকান্দর আলী বালিকা বিদ্যালয় ও কলেজের সামনে পানি জমে থাকায় পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একদিনের বৃষ্টিতেই ওই এলাকায় পানি জমে যায়। ফলে সড়কটি কার্যত চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বিষয়টি স্থানীয় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
এ পরিস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান ঘটনাস্থল পরিদর্শন করেন। মঙ্গলবার তিনি সরেজমিনে গিয়ে জলাবদ্ধতার কারণ খতিয়ে দেখেন এবং দ্রুত পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
পরিদর্শনকালে ইউএনও সংশ্লিষ্টদের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও পানি অপসারণে কার্যকর পদক্ষেপ নিতে বলেন। তিনি দ্রুত স্থায়ী সমাধানের আশ্বাসও দেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সামান্য বৃষ্টিতেই এভাবে পানি জমে যাওয়ায় দীর্ঘদিন ধরে তারা দুর্ভোগ পোহাচ্ছেন। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হলে এই সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি মিলবে বলে আশা করছেন তারা।