আয়শা রহমান প্রজ্ঞা : দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।।
ইনসানিয়াতের দর্শনের আলোকে মানবতা ও বৈষম্যহীন ইনসাফের রাষ্ট্র গঠনের অঙ্গীকার নিয়ে ইনসানিয়াত বিপ্লবের নির্বাচনী ইসতেহার ঘোষণা করেছে দলটি।
শনিবার (৭ ফেব্রুয়ারী) কুমিল্লার দেবীদ্বার সদরের একটি রেস্তোরায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভাজনহীন ও বৈষম্যমুক্ত মানবতার রাষ্ট্র গঠনের লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ তাদের নির্বাচনী ইশতেহারের ৪৯ দফা প্রতিশ্রুতি ঘোষণা করেন।
উক্ত সংবাদ সম্মেলনে কুমিল্লা জেলার ৩ প্রার্থীর পক্ষে এসব প্রতিশ্রুতি আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের প্রার্থী মো. ইরফানুল হক সরকার।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে মো. ইরফানুল হক সরকার বলেন, ‘ইনসানিয়াত বিপ্লবের রাজনীতির মূল দর্শন হলো মানুষকে মানুষ হিসেবে দেখা। ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতি কিংবা জাতীয়তার ভিত্তিতে কোনো বিভাজনের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না।’
তিনি আরও বলেন, ‘মানবতার রাজনীতি ছাড়া পৃথিবীর সব রাজনীতি শেষ পর্যন্ত একক গোষ্ঠীকেন্দ্রিক শাসন ও স্বৈরতন্ত্রের দিকে ধাবিত হয়, যা মানবজীবন ও রাষ্ট্রের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনে।’
ঘোষিত ইশতেহারে শিল্পকারখানা স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি, মানবিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, কৃষি উন্নয়ন, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠাসহ নানা বিষয়ে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ কুমিল্লার জেলার পক্ষ থেকে তুলে ধরা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, - কুমিল্লা- ৩ (মুরাদনগর) আসনের প্রতিদ্বন্দ্বি প্রার্থীশরিফ উদ্দিন সরকার, ইনসানিয়াত বিপ্লবের জেলা নেতা ইব্রাহীম খলিল, ডাঃ হাবিবুর রহমান, সহযোগী অধ্যাপক, নাজমুল হাসান, মো. রুহুল আমিন, মো. ইয়াকুব সরকার, আবু জাফর, ইকবাল হোসেন, মাহমুদুল হাসান, চান্দ বক্স প্রমূখ। তবে কুমিল্লা- ৫ (বুড়িচং-ব্রাক্ষনপাড়া) আসনের প্রার্থী তানজিল আহমেদ উপস্থিত ছিলেন না।