মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে চার পরোয়ানাভুক্ত আসামি, একটি নিয়মিত মামলার আসামিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে একজনকে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৪ মে) ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব আসামিকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার এসআই সৈকত মজুমদার ওয়ারেন্ট তামিল অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. এরশাদ আলী (২৯)কে গ্রেপ্তার করেন। তিনি উপজেলার রামচন্দ্রপুর উত্তর পাড়ার বাসিন্দা।
একই দিনে এএসআই আল-নুর আহসান পৃথক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. মাহাবুল আলম (৩২) ও মো. মোসলেম উদ্দিন (২৮)কে গ্রেপ্তার করেন। তাদের বাড়ি যথাক্রমে রামচন্দ্রপুর ও নাগাইশ এলাকায়।
এ ছাড়া এএসআই মো. মুছা সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. ইসমাইল হোসেনকে মাধবপুর এলাকা থেকে গ্রেপ্তার করেন।
অন্যদিকে ব্রাহ্মণপাড়া থানার এসআই আল-আমিন অভিযান চালিয়ে সিঁধেল চুরি মামলার আসামি মো. রিমন (২২)কে গ্রেপ্তার করেন। তিনি সাহেবাবাদ এলাকার বাসিন্দা।
এদিকে মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাদেক (৪৮) নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি বড়ধুশিয়া এলাকার বাসিন্দা।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।